হাইকোর্টে সাজা স্থগিতের আবেদন করলেন ইমরান খানের স্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলায় দেওয়া দণ্ড স্থগিতের আবেদন করেছেন। চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তিনি এই আবেদন জমা দেন। রবিবার (১৯ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্টে আবেদনটি দাখিল করা হয় বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডির একটি বেসরকারি হাসপাতালে বুশরা বিবির চোখে অস্ত্রোপচার করা হয়। আদিয়ালা জেল কর্তৃপক্ষ তাকে আল-শিফা আই হাসপাতালে নিয়ে যায়, যেখানে রেটিনা বিশেষজ্ঞ চিকিৎসক নাদিম কুরেশি তার অস্ত্রোপচার সম্পন্ন করেন। এক রাত হাসপাতালে থাকার পর তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বুশরা বিবির আইনজীবী সালমান সাফদার আবেদনে অভিযোগ করেন, পুরো চিকিৎসা প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়েছে। পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই অস্ত্রোপচার করা হয়, যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
আবেদনে আরও বলা হয়েছে, আল-শিফা হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান এবং জেল সুপারকে আদালতে তলব করে অস্ত্রোপচারের পূর্ণাঙ্গ রেকর্ড ও ডায়াগনসিস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। একই সঙ্গে অস্ত্রোপচার-পরবর্তী সঠিক চিকিৎসা নিশ্চিত করতে তাকে কারাগারের পরিবর্তে আবারও ওই হাসপাতালে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত ও নিরবচ্ছিন্ন সাক্ষাতের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
আইনজীবীদের দাবি, বুশরা বিবি দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন এবং তার সাজা স্থগিতের আবেদন এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে। যথাযথ চিকিৎসা না পেলে তার শারীরিক অবস্থার অপূরণীয় ক্ষতি হতে পারে বলেও তারা সতর্ক করেছেন।
বিজ্ঞাপন
আগামী ২২ এপ্রিল প্রধান বিচারপতি সরদার সরফরাজ ডোগারের নেতৃত্বাধীন ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইমরান খান ও বুশরা বিবির সাজা স্থগিত সংক্রান্ত আবেদনটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আল-কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবি সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।
সূত্র: ডন নিউজ








