নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা করল বাবা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্টে এক ব্যক্তি নিজের সাত সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে পৃথক তিনটি বাড়িতে গিয়ে তিনি এই হামলা চালান। ২০২৪ সালের জানুয়ারির পর এটিকে দেশটির অন্যতম বড় বন্দুক হামলার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে তিনজন ছেলে ও পাঁচজন মেয়ে শিশু রয়েছে, যাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের ভাইবোন এবং অন্য একজন তাদের আত্মীয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম শামার এলকিন্স (৩১)। এই ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গুলির হাত থেকে বাঁচতে সে ছাদ থেকে লাফ দিলে তার শরীরের কয়েকটি হাড় ভেঙে যায়। তবে সে আশঙ্কামুক্ত বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় দুই নারীও গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে হামলাকারীর স্ত্রী ও আরেকজন আত্মীয় রয়েছেন। প্রথমে নিজের স্ত্রীকে গুলি করার পর তিনি অন্য দুটি বাড়িতে গিয়ে একে একে শিশুদের ওপর হামলা চালান। নিহত অষ্টম শিশুটির মা-ও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের তথ্যমতে, ২০১৯ সালে এক সহিংস ঘটনার জেরে এলকিন্সকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২০২০ সালের আগস্ট পর্যন্ত তিনি লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।
হামলার পর পুলিশ তাকে গুলি করলে তিনিও গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন








