যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার প্রস্তুতিতে থাকা কয়েকটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, হামলাগুলো ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই আমাদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হামলাগুলো ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকায় পরিচালিত হয়। হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এ অঞ্চলটি ইরানের অন্যতম প্রধান নৌঘাঁটি হিসেবে পরিচিত।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয়ভাবে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করলেও, বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে সংঘাত নিরসনে এখনই কোনো সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষ মার্কিন হামলার ঘটনায় ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নতুন এ হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি








