রেকর্ডভাঙা গরমে অস্বস্তিতে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্য

অস্বাভাবিক তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যে তাপমাত্রা পৌঁছে গেছে রেকর্ডভাঙা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল সোমবার এক পূর্বাভাসে ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার থেকে ইউরোপের এই চার দেশে তাপপ্রবাহ শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে মেটেও ফ্রান্সের তথ্য তুলে ধরে বলা হয়েছে, টানা চার দিন ধরে রাজধানী প্যারিসের তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। এছাড়া ফ্রান্সের বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
পর্তুগালেও একই পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে গত চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। অতিরিক্ত গরমের কারণে ইতোমধ্যে দেশটির ছয়টি জেলায় তাপজনিত হলুদ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
স্পেনে তাপপ্রবাহ মূলত চলছে দেশটির উত্তর উপকূলের নিকটবর্তী বিভিন্ন গ্রাম-শহরে। উত্তর উপকূলবর্তী অঞ্চলগুলোতে গত কয়েক দিন ধরে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা।
স্পেনের আবহাওয়া দপ্তর এইমেটের পক্ষ থেকে এই তাপপ্রবাহকে ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ উল্লেখ করে বলা হয়েছে, সপ্তাহজুড়ে তাপ কমার সম্ভাবনা আপাতত নেই।
যুক্তরাজ্যেও তাপপ্রবাহ শুরু হয়েছে। গত চার দিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, পশ্চিম ইউরোপ বরাবরই শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত। গ্রীষ্মকালে, বিশেষ করে মে মাসে ইউরোপের এই অংশে তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে ওঠে না সাধারণত।
এর আগে ১৯২২ সালের মে মাসে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এতদিন সেটিকেই মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হিসেবে ধরা হতো। তবে বর্তমান তাপপ্রবাহ সেই পুরোনো রেকর্ড ভাঙার আশঙ্কা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি








