ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিভিন্ন শহরে কয়েক মাসের মধ্যে অন্যতম বৃহৎ হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে পরিচালিত এই হামলায় রাজধানী কিয়েভ ও দিনিপ্রো শহরসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও কয়েক ডজন মানুষ।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয়জন দিনিপ্রো শহরের এবং চারজন রাজধানী কিয়েভের বাসিন্দা। হামলার পর বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, কিয়েভের একাধিক আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থানের আহ্বান জানান কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।
বিজ্ঞাপন
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্ক অঞ্চলে একটি কলেজ ক্যাম্পাসে ইউক্রেনের ড্রোন হামলার পর থেকেই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে আসছিল মস্কো। ওই হামলায় ২১ জন নিহত হওয়ার দাবি করেছিল রাশিয়া।
বিজ্ঞাপন
এরই মধ্যে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তার ওই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় নতুন এই ক্ষেপণাস্ত্র হামলা।
নতুন করে সংঘাতের তীব্রতা বৃদ্ধিতে ইউক্রেনজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের তৃতীয় বছরেরও বেশি সময় পর উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক জনগণের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি আরও বেড়ে চলেছে।
সূত্র: বিবিসি








