Logo

পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুন, ২০২৬, ১৪:৪২
পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

সোমবার পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ জানান, প্রশাসন এই দপ্তরটিকে একটি ‌‘সংবেদনশীল সংরক্ষিত তথ্য কেন্দ্র’ হিসেবে পুনঃনির্ধারণ করেছে, কারণ এটি এমন সব লোকজন দ্বারা ব্যবহৃত হতো যাদের কাছে সরকারের গোপনীয় তথ্যে প্রবেশাধিকার রয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ভালদেজ বলেন, এই ব্যক্তিরা নিয়মিত গোপনীয় তথ্য নিয়ে কাজ করেন এবং তাদের এসআইপিআরনেট ব্যবহারের প্রয়োজন হয়। তিনি পেন্টাগনের গোপনীয় তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্কের কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

এসব কারণে সাংবাদিকদের আর এই দপ্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এক্ষেত্রে শুধু পূর্বনির্ধারিত সাক্ষাতের মাধ্যমেই প্রবেশ করা যাবে। ওয়াশিংটন পোস্ট সর্বপ্রথম এ বিষয়ে খবর প্রচার করেছে।

সামরিক বাহিনী এবং সরকারের অন্যান্য ক্ষেত্র সম্পর্কে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন করার ক্ষমতা খর্ব করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া একাধিক পদক্ষেপের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

গত মার্চে প্রেস ক্রেডেনশিয়াল পাওয়ার জন্য নতুন নিয়ম আরোপের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় এক বিচারক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর পক্ষে রায় দেওয়ার পর প্রতিরক্ষা বিভাগ জানায় যে, তারা আর গণমাধ্যমগুলোকে পেন্টাগনে কার্যালয় রাখার অনুমতি দেবে না।

বিজ্ঞাপন

এছাড়া পেন্টাগন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কমপ্লেক্সের ভেতরে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে একজন আনুষ্ঠানিক রক্ষী বা এসকর্ট থাকতে হবে। তবে এই নীতির বিরুদ্ধে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ মে মাসে পৃথক একটি মামলা দায়ের করেছে এবং নীতিটি বাতিলের দাবি জানিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD