ইসরায়েলি হামলায় লেবাননের ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, এক ক্যাপ্টেন এবং একজন সৈনিক নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ লেবাননের একটি সামরিক যানবাহন লক্ষ্য করে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
বিজ্ঞাপন
লেবাননের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ অঞ্চলের কাফার তেবনিত ও খারদালি এলাকার মধ্যবর্তী সড়কে একটি সামরিক গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই কর্মকর্তাসহ মোট তিনজন সেনাসদস্য নিহত হন। এই ঘটনাকে লেবাননের সশস্ত্র বাহিনী ‘আগ্রাসী ও বর্বরোচিত হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাড়িটি ‘সন্দেহজনকভাবে’ সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই এলাকায় গোলাগুলির খবরও পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ইসরায়েল গত মার্চ মাস থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গোষ্ঠীটি প্রধানত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
আইডিএফ বলেছে, শনিবার যে গাড়িতে হামলা চালানো হয়েছে, সেটি একটি ‘সরাসরি ও খালি করে দেওয়া যুদ্ধক্ষেত্র’ দিয়ে যাচ্ছিল। ওই অঞ্চল থেকে হিজবুল্লাহ নিজেদের কার্যক্রম পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সেনাদের চলাচলের জন্য আইডিএফের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে ওই অঞ্চলে কোনও শান্তি আসবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার আইআরজিসির এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
আরও পড়ুন: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি
বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক যুদ্ধে আমাদের যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রাথমিক শর্তই ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের জনগণের বিরুদ্ধে চলমান হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি লেবাননের অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে ফিরে যেতে হবে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল।








