Logo

অন্তঃসত্ত্বা নারীদের খাবারে মিললো মৃত সাপের বাচ্চা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৪:৫৪
অন্তঃসত্ত্বা নারীদের খাবারে মিললো মৃত সাপের বাচ্চা
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের পন্ধুর্না জেলায় অন্তঃসত্ত্বা নারীদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপের ছানা পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কারঘাট কামথি গ্রামের অন্তঃসত্ত্বা নারী বাছলা বাই ধুরভেকে দেওয়া লাড্ডুসহ পুষ্টি সহায়তার প্যাকেটটি বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা প্যাকেট খুললে ভেতরে একটি মৃত সাপের ছানা দেখতে পান। সৌভাগ্যক্রমে, খাবারটি খাওয়ার আগেই বিষয়টি ধরা পড়ায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি সঙ্গে সঙ্গেই অঙ্গনওয়াড়ি কর্মী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

বিজ্ঞাপন

এরপর নারী ও শিশু উন্নয়ন বিভাগের কর্মকর্তারা, প্রকল্প কর্মকর্তা উষা পাণ্ডে, নন্দনওয়াড়া পুলিশ এবং নায়েব তহসিলদার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তারা প্যাকেটটি জব্দ করে পরীক্ষার জন্য খাদ্যের নমুনা সংগ্রহ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত নমুনা ভোপালের রাজ্য খাদ্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ল্যাব রিপোর্ট ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘটনাটি পুষ্টি সহায়তা কর্মসূচির খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD