Logo

রাস্তায় থুতু, পানের পিক ও ময়লা ফেললেই গুনতে হবে জরিমানা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৫:০১
রাস্তায়  থুতু, পানের পিক ও ময়লা ফেললেই গুনতে হবে জরিমানা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের শহর ও নগরাঞ্চলকে পরিচ্ছন্ন রাখতে থুতু ফেলা, পানির পিক, প্লাস্টিক বর্জ্য বা যেকোনো ধরনের ময়লা রাস্তায় ফেললেই আর্থিক জরিমানার মুখে পড়তে হবে নাগরিকদের। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন ও পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বিজ্ঞাপন

তিনি জানান, এখন থেকে রাস্তাঘাট বা খোলা জায়গায় থুতু ফেলা, পান-সুপারির পিক ফেলা কিংবা প্লাস্টিকসহ ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিকসহ রাজ্যের সব শহর ও নগরাঞ্চলে এই নিয়ম প্রযোজ্য হবে। এতে পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি দৃশ্য দূষণও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অগ্নিমিত্রা পাল আরও বলেন, বড় শপিংমল বা প্রতিষ্ঠানে মানুষ পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন থাকলেও রাস্তায় সেই সচেতনতা অনেক সময় দেখা যায় না। এই মানসিকতা বদলানো জরুরি।

বিজ্ঞাপন

তিনি জানান, রাস্তার ধারে প্লাস্টিক, খাবারের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেলা এবং বেআইনি পোস্টার, ব্যানার ও দেয়াল লিখনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগামী তিন মাস জনসচেতনতা বাড়াতে প্রচার চালানো হবে। এই সময়ে নাগরিকদের অভ্যাস পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। তবে ১ সেপ্টেম্বরের পর নিয়ম ভাঙলে আর্থিক জরিমানা করা হবে।

বিজ্ঞাপন

এর আগেও রাস্তায় থুতু বা পানির পিক ফেলার ওপর নিষেধাজ্ঞা ও জরিমানার নিয়ম ছিল। পূর্ববর্তী সময়ে এ ধরনের অপরাধে ৫০০ রুপি জরিমানার বিধান ছিল। তবে নতুন ব্যবস্থায় জরিমানার পরিমাণ বাড়বে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে শহর পরিষ্কার রাখতে রাজ্য সরকার ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছে। যেখানে নোংরা বা বর্জ্য দেখা গেলে ছবি তুলে আপলোড করা যাবে। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় পৌরসভা ব্যবস্থা নেবে।

রাজ্য সরকারের আশা, কঠোর আইন ও জনসচেতনতার মাধ্যমে শহর ও নগরাঞ্চলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD