ইরানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, ৩৭ বার একই দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত প্রায় দুই মাস ধরে বারবার দাবি করে আসছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি ‘খুব কাছাকাছি’। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি দুই দেশ। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত ৩৭ বার একই ধরনের মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান চুক্তির ক্ষেত্রে ‘খুব এগিয়ে গেছে’ এবং সমঝোতা চূড়ান্ত হতে আর দুই সপ্তাহ লাগবে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের এই সংকট সমাধানের কাছাকাছি পৌঁছানো তার জন্য ‘সম্মানের বিষয়’ হবে।
এরপর দুই মাস পার হলেও বাস্তবে কোনো চুক্তি হয়নি। তবুও তিনি বিভিন্ন সময়—সামাজিক যোগাযোগমাধ্যম, জনসমক্ষে বক্তব্য এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে—একই ধরনের মন্তব্য অব্যাহত রাখেন।
বিজ্ঞাপন
বিশ্লেষণ অনুযায়ী, তার এই ধারাবাহিক মন্তব্য শুরু হয় ২৩ মার্চ থেকে। তখন তিনি জানান, আলোচনায় ‘প্রায় সব বিষয়ে সমঝোতা’ হয়ে গেছে। পরদিন তিনি বলেন, ইরান চুক্তি করতে ‘খুবই মরিয়া’।
২৫ মার্চ তিনি দাবি করেন, ইরান ‘খুব করে চায়’ চুক্তি করতে। ২৬ মার্চ আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরান ‘চুক্তির জন্য অনুরোধ করছে’।
২৯ মার্চ তিনি জানান, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে বলে তিনি দেখতে পাচ্ছেন। এরপর এপ্রিলের শুরুতে তার বক্তব্য আরও জোরালো হয়। ৬ এপ্রিল তিনি বলেন, দুই পক্ষ আগে থেকেই ‘খুব কাছাকাছি’ ছিল। পরদিনই যুদ্ধবিরতি ঘোষণা আসে।
বিজ্ঞাপন
১৫ এপ্রিল তিনি বলেন, পরিস্থিতি ‘প্রায় শেষ পর্যায়ে’ এবং ইরান দ্রুত চুক্তি করতে চায়। ১৬ ও ১৭ এপ্রিলের মধ্যে একাধিকবার তিনি দাবি করেন, ইরান ‘সবকিছুতে সম্মত হয়েছে’, ‘এক-দুই দিনের মধ্যে চুক্তি হবে’ এবং বড় কোনো পার্থক্য নেই।
২০ এপ্রিল তিনি বলেন, সবকিছু ‘খুব দ্রুত ঘটবে’।
এপ্রিলের শেষ এবং মে মাসজুড়েও একই বক্তব্য অব্যাহত থাকে। তিনি একাধিকবার দাবি করেন, ইরান চুক্তির জন্য ‘খুবই আগ্রহী’।
বিজ্ঞাপন
১৮ মে তিনি জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, কারণ চুক্তি প্রায় সম্পন্ন।
২৩ মে তিনি বলেন, আলোচনা আরও ‘কাছাকাছি এসেছে’ এবং চূড়ান্ত অংশ নিয়ে কাজ চলছে। ২৮ মে তিনি আবারও দাবি করেন, বিষয়টি ‘খুব ভালো চুক্তির কাছাকাছি’।
বিজ্ঞাপন
এরপর মে মাসের শেষ এবং জুনেও তিনি একই ধরনের বক্তব্য দিয়ে যান—চুক্তি ‘খুব শিগগিরই’ হতে যাচ্ছে।
তবে বাস্তব অগ্রগতি না থাকায় বিশ্লেষকদের মতে, বারবার একই দাবি প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
সূত্র: সিএনএন








