Logo

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১২:৩০
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে সম্ভাব্য হুমকির আশঙ্কায় কুয়েতে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সলিড-ফুয়েলচালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনাসদস্যদের পাশাপাশি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে দাবি করা হয়।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার সময় জর্ডানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে দেশটিতে সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য শত্রুপক্ষের আকাশযান ও অন্যান্য লক্ষ্যবস্তু প্রতিহত করার কাজ করছে। একই সঙ্গে নাগরিকদের শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করে আইআরজিসি। পারস্য উপসাগর উপকূলে অবস্থিত এই ঘাঁটিকে অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সোমবার হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উত্তেজনা নতুন মাত্রা পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। এর পরপরই ইরানের উপকূলীয় কয়েকটি এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD