Logo

কাশ্মিরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউ জীবিত নেই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৮:৩৫
কাশ্মিরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউ জীবিত নেই
ছবি: সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের মুজাফফরাবাদ এলাকায় দেশটির সামরিক বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

আইএসপিআরের তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর পরপরই সেটি বিধ্বস্ত হয়। সংস্থাটি জানিয়েছে, হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন, কেউ জীবিত নেই।

তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী ও অনুসন্ধানকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় বৈরী আবহাওয়ার মধ্যে একটি উদ্ধারকারী উড়োজাহাজ বিধ্বস্ত হলে দুই পাইলটসহ পাঁচজন প্রাণ হারান।

বিজ্ঞাপন

সূত্র: ডন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD