Logo

অস্ট্রেলিয়ার গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক আরোপ করছে চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৬:৪৬
অস্ট্রেলিয়ার গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক আরোপ করছে চীন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গরুর মাংসের ওপর অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। নির্ধারিত বার্ষিক আমদানি কোটা পূরণ হয়ে যাওয়ার পর বেইজিং এ পদক্ষেপ নিয়েছে বলে শুক্রবার (১৯ জুন) জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাজারে গরুর মাংসের দাম ধারাবাহিকভাবে কমেছে। বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সরবরাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় দেশটিতে এ পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের গরুর মাংস আমদানির জন্য বার্ষিক কোটা নির্ধারণ করে। মন্ত্রণালয়ের তদন্তে দেখা যায়, আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশটির স্থানীয় গবাদিপশু খাত ক্ষতির মুখে পড়ছে।

বিজ্ঞাপন

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য অস্ট্রেলিয়া থেকে ২ লাখ ৫ হাজার টন গরুর মাংস আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবারের মধ্যেই সেই কোটা পূরণ হয়ে যায়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার থেকে অস্ট্রেলিয়ার গরুর মাংস আমদানির ওপর অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীন এ পদক্ষেপকে স্থানীয় শিল্প সুরক্ষার অংশ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে ধাপে ধাপে শুল্ক শিথিল করার সম্ভাবনার কথাও জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

এদিকে চীনের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের শুরুতে দেশটির সরকার নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে হতাশা জানিয়েছিল। অস্ট্রেলিয়ার একটি শিল্প সংগঠনের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে দুই দেশের মধ্যে ১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি মূল্যের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD