ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে সামরিক অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সেন্টকম জানায়, ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলে আর কোনো ধরনের বাধা দেবে না মার্কিন বাহিনী। পূর্বে আরোপিত সব সামরিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে সামরিক অবরোধ তুলে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যা স্বাক্ষরের একদিনের মধ্যেই কার্যকর করা হলো।
বিজ্ঞাপন
তবে এখনো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার সময় ইরান ২৮ ফেব্রুয়ারি ওই কৌশলগত জলপথে অবরোধ আরোপ করেছিল এবং নিরাপত্তা জোরদারে বিভিন্ন স্থানে জলমাইনও পেতে রাখা হয়। সেই অবরোধ এখনো পুরোপুরি প্রত্যাহার হয়নি।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নেওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে এ বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ইরান শিগগিরই হরমুজ ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদী। তার দাবি, চুক্তির পরবর্তী দুই দিনে প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং ইরান হামলা থেকে বিরত থেকেছে।
তবে জ্বালানি পরিবহন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য ভিন্ন। কেপলার নামের একটি সংস্থার তথ্য অনুযায়ী, গত দুই দিনে হরমুজ প্রণালি দিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে, যেগুলোর সম্মিলিত বহনক্ষমতা প্রায় ৬০ লাখ ব্যারেল।
বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর আগে এই পথে দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬০ লাখ ব্যারেল পরিশোধিত তেল ও তরল গ্যাস পরিবহন হতো।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছিল, যার ফলে অনেক দেশে জ্বালানির ঘাটতি এবং দাম বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনবিসি








