Logo

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন, ২০২৬, ২০:৩৫
লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
ছবি: সংগৃহীত

লেবাননে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা জানান, দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহযোগিতায় এই সমঝোতা চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সাম্প্রতিক সময়ে লেবাননে সহিংসতার তীব্রতা মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ বন্ধ করতে বুধবার স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তীকালীন চুক্তির ওপর চাপ সৃষ্টি করেছিল। বৃহস্পতিবার (১৮ জুন) রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়।

বিজ্ঞাপন

এর আগে হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে ইরান সংগঠনটিকে জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। চলমান যুদ্ধে এটি হিজবুল্লাহর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে হওয়া চুক্তিতে লেবাননসহ যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের সব ফ্রন্টে- সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সপ্তাহের শুরুতে সংঘাতের মাত্রা কিছুটা কমে এলেও গত কয়েক দিনে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে, নতুন এই যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়িত হলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD