Logo

সুইজারল্যান্ড যাচ্ছেন না জেডি ভ্যান্স, শেষ মুহূর্তে স্থগিত আলোচনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৮:৩৩
সুইজারল্যান্ড যাচ্ছেন না জেডি ভ্যান্স, শেষ মুহূর্তে স্থগিত আলোচনা
ছবি: সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস বৃহস্পতিবার গভীর রাতে জানায়, নির্ধারিত আলোচনা উপলক্ষে ভ্যান্স সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না। ফলে বহুল আলোচিত বৈঠকটি আপাতত পিছিয়ে গেছে।

সম্প্রতি দুই দেশের মধ্যে একটি সমঝোতার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে। সেই পদক্ষেপের একদিন পরই আলোচনার সূচি পরিবর্তনের ঘোষণা আসে। চুক্তিতে লেবাননে চলমান সংঘাত বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবস্থান। একই ঘটনায় ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার তথ্যও প্রকাশ করা হয়েছে।

হিজবুল্লাহ-ঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যমের দাবি, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কারণেই আলোচনা স্থগিত করা হয়েছে। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতার পরবর্তী ধাপ নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ওয়াশিংটনের ভাষ্য, আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তারা যত দ্রুত সম্ভব কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে আগ্রহী।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নের পথ নির্ধারণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া। ১৪ দফার চুক্তিতে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, পুনর্গঠন তহবিল ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, কিছু বিষয়ে দ্বিমত থাকলেও তিনি চুক্তিটিতে অনুমোদন দিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মধ্যেই এ সমঝোতা হয়েছে। তবে ভবিষ্যতে সরাসরি আলোচনা হলেও তা ইরানের নীতিগত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত নয়।

বিজ্ঞাপন

চুক্তিতে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও বাস্তবে সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD