Logo

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন, ২০২৬, ১২:৩০
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা না পেরোতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২০ জুন) দেশটির বিভিন্ন এলাকায় চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের নাবাতিহ এলাকায় একাধিক দফায় ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় বহু আবাসিক ভবন ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভোরের দিকে নাবাতিহ ও এর আশপাশের অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণও করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স বলেছে, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ থেকেই এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মার্কিন ওই কর্মকর্তা বলেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ ইসরায়েলের পুরোনো শত্রু। লেবাননের দক্ষিণাঞ্চল এই গোষ্ঠীটির ঘাঁটি। ২০২৪ সালে হিজবুল্লাহকে নির্মূল করতে প্রথমবারের মতো লেবাননে সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তথা আইডিএফ। ইসরায়েলি বাহিনীর সেবারের অভিযানে নিহত হন হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির প্রথম সারির অধিকাংশ নেতা এবং কমান্ডার। ফলে তছনছ হয়ে যায় গোষ্ঠীটির সাংগঠনিক চেইন অব কমান্ড। এছাড়া হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো ও অস্ত্রাগারেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার।

বিজ্ঞাপন

প্রায় নয় মাস ধরে সংঘাত চলার পর ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। তবে শুরু থেকেই এই সমঝোতাকে নাজুক হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কারণ যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে বিভিন্ন সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহও।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর দুই দিনের মাথায় যুদ্ধবিরতি ভেঙে লেবাননে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে ইসরায়েলি অভিযানে দেশটিতে নিহত হয়েছেন ৩ হাজার ৯১২ জন। নিহতদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত ৭৪৬ জন রয়েছেন।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD