পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার উজির উপবিভাগে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বান্নুর জেলা পুলিশ অফিসার (ডিপিও) ইয়াসির আফ্রিদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফাং মুসা খেল এলাকায় দুটি যানবাহনকে লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বিবৃতিতে জানানো হয়, প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম গাড়িটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। এতে আরও দুজন নিহত হয়েছেন। বিস্ফোরণে দুটি গাড়িই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। অতিরিক্ত বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
সূত্র: ডন








