যুদ্ধ অবসানে ইউক্রেনের সঙ্গে নতুন শান্তি আলোচনায় আগ্রহী পুতিন

ইউক্রেন যুদ্ধ অবসানে আবারও শান্তি সংলাপ শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, ইস্তাম্বুল ও যুক্তরাষ্ট্রের অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত আগের আলোচনা এবং সেসব বৈঠকে অর্জিত অগ্রগতির ভিত্তিতেই নতুন দফার আলোচনার পথ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) মস্কোর ক্রেমলিনে উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির হয়ে রয়েছে এবং এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ইউক্রেন।
বৈঠকে পুতিন বলেন, রাশিয়া নতুন করে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। ইস্তাম্বুলে হওয়া সমঝোতা, অ্যাঙ্কোরেজে আলোচিত কাঠামো এবং বর্তমান বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই আলোচনার নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, আলোচনা স্থগিত থাকার সুযোগে ইউক্রেন একদিকে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার মাত্রাও বাড়িয়েছে।
ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটো জোটে যোগদানের বিষয়ে ইউক্রেনের তৎপরতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে যুদ্ধ অব্যাহত রয়েছে।
যুদ্ধ শুরুর পর একাধিকবার শান্তি আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিদল। ২০২২ সালে মিনস্ক ও ইস্তাম্বুলে বৈঠকের পর ২০২৪ সালেও কয়েক দফা আলোচনা হয়। ২০২৫ সালের মে, জুন ও জুলাই মাসে ইস্তাম্বুলে আরও তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়েও আলোচনা চলে। ওই প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র সফর করেন পুতিন এবং সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং সুইজারল্যান্ডের জেনেভায় আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও এসব আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়নি, তবে কয়েকটি সমঝোতা ও চুক্তি হয়েছে।
বিজ্ঞাপন
পুতিনের মতে, পূর্ববর্তী এসব চুক্তি ও আলোচনার ভিত্তিতেই নতুন করে শান্তি সংলাপ শুরু করা সম্ভব।
সূত্র: আনাদোলু এজেন্সি








