Logo

প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শর্ত দিলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১২:০১
প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শর্ত দিলো ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমঝোতা সবসময়ই দ্বিপক্ষীয় বিষয়। যুক্তরাষ্ট্র যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করে, তাহলে ইরানও তার দায়িত্ব ও অঙ্গীকার পূরণ করবে।

বিজ্ঞাপন

পেজেশকিয়ান আরও বলেন, অযৌক্তিক চাপ ও ভিত্তিহীন হুমকির মুখে ইরানের নীতি হলো যুক্তি, মানবিক মর্যাদা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নিতে দেশ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, ঠিক সেই সময়েই এ মন্তব্য করলেন ইরানি প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং সেটি দোহায় অনুষ্ঠিত হবে।

তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন টেকনিক্যাল টিমের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD