জোরপূর্বক আল-আকসা মসজিদে প্রবেশ করেছে ইসরায়েলিরা

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল প্রবেশ করেছে। এ সময় তাদের নিরাপত্তায় মোতায়েন ছিল ইসরায়েলি পুলিশ। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, বসতি স্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদভিত্তিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।
১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর আল-আকসা মসজিদকে কেন্দ্র করে পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ওই যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা ও সিনাই উপদ্বীপের নিয়ন্ত্রণ নেয়। যুদ্ধের আগে জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয় মসজিদটির তত্ত্বাবধান করলেও পরে এ দায়িত্ব ইসলামিক ওয়াকফ ট্রাস্টের হাতে যায়।
বিজ্ঞাপন
বর্তমান ব্যবস্থায় মুসলমানরা আল-আকসা মসজিদের ভেতরে ইবাদত করেন, আর ইহুদিরা পশ্চিম দেয়ালে প্রার্থনা করে থাকেন।
আল-আকসা মুসলিম ও ইহুদি—উভয় ধর্মাবলম্বীর কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। মুসলমানদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান এবং ‘হারাম আল-শরিফ’ নামে পরিচিত। অন্যদিকে ইহুদিরা এ এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে উল্লেখ করেন এবং এটিকে নিজেদের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করেন।
বিজ্ঞাপন
মসজিদ প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে থাকলেও ফিলিস্তিনিদের অভিযোগ, ১৯৬৭ সালে ইসরায়েল, জর্ডান ও মুসলিম ধর্মীয় কর্তৃপক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা দীর্ঘদিন ধরে লঙ্ঘন করা হচ্ছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বাড়াচ্ছে। অন্যদিকে ইসরায়েলি পক্ষের দাবি, পবিত্র এ স্থান সবার জন্য উন্মুক্ত থাকা উচিত।
সূত্র: আল জাজিরা, ওয়াফা








