ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ-সংশ্লিষ্ট সেবাসহ একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা পাওয়া যাবে। মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
বিজ্ঞাপন
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন ব্যবস্থায় পর্যটকরা একটি প্যাকেজের আওতায় যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন একসঙ্গে সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ভ্রমণকারীরা নিজেদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, কার্যক্রম এবং পর্যটন অভিজ্ঞতাও প্যাকেজের সঙ্গে যুক্ত করতে পারবেন। ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল বা ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
এই সেবা শুধু সেইসব অনুমোদিত এজেন্সি দিতে পারবে, যাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা ব্যবস্থা রয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে পর্যটন শিল্প সম্প্রসারণের লক্ষ্যেই এই প্যাকেজ ভিসা চালু করা হয়েছে। পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বীমা কর্তৃপক্ষের সমন্বয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে দেশটি ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো বিভিন্ন সহজতর প্রবেশব্যবস্থা চালু করেছিল। এসব উদ্যোগের ফলে সৌদি আরবের পর্যটন খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে দেশটিতে ২৯ মিলিয়নের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন এই উদ্যোগ দর্শনার্থীদের ভ্রমণকে আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন করবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তার ভাষ্য, সৌদি আরবের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে প্যাকেজ ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পর্যটনসংশ্লিষ্ট অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং ভ্রমণকারীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মন্ত্রণালয়ের মতে, নতুন এ ব্যবস্থা পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান, আরও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা এবং পর্যটন খাতে ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য সৌদি আরবে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।
সূত্র: গালফ নিউজ








