৩ দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আফ্রিকার তিন দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়ে কায়া’ জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে কোনো যাত্রী আপাতত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌদি আরবে ভ্রমণের আগের ২১ দিনের মধ্যে কেউ যদি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তার সব ধরনের প্রবেশ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। এমনকি তিনি তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও অনুমতি দেওয়া হবে না।
বিজ্ঞাপন
এ ছাড়া রুয়ান্ডা, বুরুন্ডি, তাঞ্জানিয়া এবং কঙ্গো-ব্রাজাভিল থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি আরও কঠোর করা হয়েছে। এসব দেশ থেকে আসা ভ্রমণকারীদের সীমান্তে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং নিবিড় রোগ পর্যবেক্ষণের আওতায় আনা হবে।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে প্রথম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস শনাক্ত হয়। অত্যন্ত প্রাণঘাতী এই রোগে মৃত্যুর হার গড়ে প্রায় ৫০ শতাংশ। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ইবোলা সংক্রমণে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে গত বুধবার ফ্রান্সে চলতি প্রাদুর্ভাবের মধ্যে প্রথম ইবোলা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। কঙ্গোতে মানবিক সহায়তা মিশনে অংশ নেওয়া এক ফরাসি চিকিৎসক দেশে ফেরার পর তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। বর্তমানে তাকে একটি বিশেষ কোয়ারেন্টিন কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।








