শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে আগলে রেখে ভূমিকম্পে প্রাণ দিলেন মা

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে সামনে এসেছে এক হৃদয়স্পর্শী আত্মত্যাগের ঘটনা। নিজের ছোট্ট মেয়েকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আন্দ্রেয়া নামের এক মা। তিনি ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী।
বিজ্ঞাপন
স্ত্রীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন হেক্টর বেলো। তিনি লিখেছেন, একদিন মেয়েকে জানাবেন, কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিলেন। তার ভাষায়, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দ্রেয়া মেয়েকে আগলে রেখেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করে সন্তানের জীবন রক্ষা করেছেন।
গত বুধবার রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
হেক্টর বেলো একাধিক পোস্টে জানান, তিনি বর্তমানে কারাকাসে অবস্থান করছেন। তার ছোট মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে তিনি জানান, তার মেয়ে ও মেয়ের খালা দুজনই জীবিত এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
স্ত্রীর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না এই ফুটবলার। ইনস্টাগ্রামের আরেকটি স্টোরিতে তিনি লিখেছেন, কীভাবে তিনি একদিন মেয়েকে বোঝাবেন যে, তাকে বাঁচাতে গিয়েই তার মা নিজের জীবন হারিয়েছেন। একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না, তাই কিছুই করতে পারেননি।
বিজ্ঞাপন
স্থানীয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়। তবে ভবন ধসে পড়লেও তাদের ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। মার্কিন স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এদিকে, দুর্যোগের কয়েকদিন পরও নিহতদের পরিচয় শনাক্ত এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের তালিকায় ক্রীড়াঙ্গনের সদস্যরাও রয়েছেন।
ভেনেজুয়েলার বিভিন্ন ফুটবল ক্লাব ও দেশটির ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত দুই ফুটবলারের মৃত্যু হয়েছে। তাদের একজন কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা। ক্লাব জানিয়েছে, লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নিহত হন। শোকবার্তায় তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, নিষ্ঠা ও বন্ধুত্বপূর্ণ আচরণের কথা স্মরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্য নিহত ফুটবলার ভিক্টর প্যালাসিওস। তার ক্লাব জানিয়েছে, একাডেমির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিনি এর আগে মারিটিমো দে লা গুয়াইরা ক্লাবের হয়েও খেলেছিলেন।
ভূমিকম্পের পর পুরো ভেনেজুয়েলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও আন্দ্রেয়ার আত্মত্যাগের গল্প অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছে।








