বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে রোববার (১২ জুলাই) ভোরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার ভারতের স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি, আপ্পুঘরসহ আরও কয়েকটি এলাকায় এই কম্পন টের পান বাসিন্দারা।
ভারতের মহাসাগর তথ্যসেবা বিষয়ক জাতীয় কেন্দ্র জানিয়েছে, রোববার ভোরে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর প্রভাব বিশাখাপত্তনম শহরের বিভিন্ন স্থানে অনুভূত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি বা অন্য কোনও ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ছিল অগভীর ভূমিকম্প। তবে ভূ-গঠনের স্বাভাবিক সমন্বয়ের কারণেই মৃদু কম্পন অনুভূত হয়েছে। এ কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। তাদের মতে, এ অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে স্থিতিশীল।
বিজ্ঞাপন
এর আগে গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আলুরি সীতারামা রাজু জেলাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২০১৫ সালের ৪ নভেম্বর উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আলুরি এলাকায় ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় বিকট শব্দ শুনে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেও ওই ঘটনাতেও কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।








