হরমুজ প্রণালিতে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

হরমুজ প্রণালিতে দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় ২৩ জন বিদেশি নাবিককে উদ্ধার করেছে ইরান। দুর্ঘটনায় একটি বাল্ক ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিতে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপের উত্তরে একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অপর একটি জাহাজের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ইরানি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ফলে বাল্ক ক্যারিয়ারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাহাজের ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে উদ্ধারকারী দল ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে নিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে এবং এ পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করব। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। সেখানে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে এবং এর নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র পালন করবে।
বিজ্ঞাপন
অন্যদিকে ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান কোনোভাবেই পিছু হটবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও ইরান এটি রক্ষার লড়াই অব্যাহত রাখবে।
তিনি আরও লেখেন, আমরা হরমুজ প্রণালি রক্ষা করি, যাতে ভবিষ্যতে নিজেদের জাহাজ চলাচলের জন্য শত্রুপক্ষকে কর দিতে না হয়। এই গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সরে আসার সিদ্ধান্ত ইরানের কোনো মিত্রও নৈতিকভাবে সমর্থন করবে না।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








