Logo

আজ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই, ২০২৬, ১৫:০০
আজ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা
ছবি: সংগৃহীত

বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পবিত্র কাবা। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, আজ বুধবার নির্দিষ্ট সময়ে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। এই বিরল ঘটনার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে অত্যন্ত নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হয়। মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য ঠিক কাবার ওপর অবস্থান নেবে। ওই সময় সূর্য প্রায় ৯০ ডিগ্রি কোণে খাড়াভাবে অবস্থান করবে, যা এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, দিগন্তের ওপরে সূর্য দৃশ্যমান এমন সব স্থানে ওই মুহূর্তে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে দর্শনার্থীরা বা পর্যবেক্ষকরা একটি সমতল জায়গায় খাড়াভাবে একটি বস্তু স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা বস্তুর ছায়ার দিক অনুসরণ করে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হবে।

গালফ নিউজ জানিয়েছে, এই পদ্ধতিটি মক্কা থেকে দূরবর্তী স্থানগুলোতে বিশেষভাবে কার্যকর। অন্যদিকে জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতে বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা নিশ্চিত করতেও এটি ব্যবহার করা যেতে পারে।

মাজেদ আবু জাহরা আরও বলেন, এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের বিশেষ সামঞ্জস্যের কারণেই বছরে দুবার এমন ঘটনা ঘটে। এই বিরল ঘটনার সুযোগ কাজে লাগিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক ও নির্ভুল পদ্ধতিতে কিবলার দিক নির্ধারণ করেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও এর মাধ্যমে নিজেদের কিবলার দিক যাচাই করতে পারেন।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD