Logo

মৃত নয়, জীবিত আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই, ২০২৬, ১৭:৫০
মৃত নয়, জীবিত আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। দেশটির এক সংসদ সদস্য দাবি করেছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতাবা খামেনির সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকগুলো বর্তমানে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তার ধারণা অনুযায়ী মোজতাবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে দেওয়া ওই মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই হামলায় মোজতাবা খামেনিও আহত হন বলে দাবি করা হয়েছে।

রয়টার্সের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়, ওই হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাবার মৃত্যুর পর মার্চের শুরুতে মোজতাবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হলেও এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এই অনুপস্থিতিই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্টের সামাজিক কমিটির সদস্য শাহরোখ রামিন জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোজতাবা খামেনি, প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের মধ্যে বৈঠক ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যসংখ্যা তুলনামূলক কম হওয়ায় দ্রুত অনলাইনে বৈঠক আয়োজন করা সম্ভব হচ্ছে। এতে নির্দিষ্ট স্থান বা সময় আগাম ঘোষণা করার প্রয়োজন পড়ছে না, যা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পার্লামেন্টের অধিবেশন পরিচালনার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। কারণ সেখানে বিপুলসংখ্যক সংসদ সদস্য অংশ নেন। ফলে আগেই স্থান ও সময় নির্ধারণ করতে হয়, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মোজতাবা খামেনিকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের আলোচনা চললেও ইরানের পক্ষ থেকে তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বা জনসমক্ষে উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে দেশটির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই শীর্ষ পর্যায়ের যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD