Logo

ভারত থেকে আসছে আরও ২০০ ব্রডগেজ রেলকোচ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৮:২৫
ভারত থেকে আসছে আরও ২০০ ব্রডগেজ রেলকোচ
ছবি: সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে আরও ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ করা হবে। আগামী আগস্টের শুরু থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এসব কোচ দেশে পৌঁছাবে।

বিজ্ঞাপন

২০২৪ সালে তৎকালীন সরকারের সময় ভারতের রেল মন্ত্রণালয়ের অধীনস্থ রপ্তানি সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (রাইটস)-এর সঙ্গে ৯১৫ কোটি রুপির একটি চুক্তি করে বাংলাদেশ সরকার।

প্রকল্পটির অর্থায়নে সহায়তা দিয়েছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কারখানায় বর্তমানে এসব কোচ ও লোকোমোটিভ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে এনডিটিভি।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কোচ তৈরির কাজ সাময়িকভাবে স্থগিত হলেও ২০২৬ সালের মে মাসে তা আবার শুরু হয়। এর আগে একই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাইটসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল নতুন ২০০ কোচ সরবরাহের আদেশকে প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রথম চালান হিসেবে শিগগিরই ২০টি কোচ বাংলাদেশে পাঠানো হবে।

ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন রাইটস পরিবহন অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা, বাস্তবায়ন এবং রেল, সড়ক, বিমানবন্দর ও নগর পরিবহন খাতে পরামর্শসেবা দিয়ে থাকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতীয় রেলের রোলিং স্টক রপ্তানির দায়িত্বও পালন করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আগামী সেপ্টেম্বরে আলোচনা শুরু হতে পারে। ৩৭৫ কিলোমিটার দীর্ঘ এ রুটে ট্রেনটি প্রায় ৯ ঘণ্টায় ঢাকা পৌঁছাত। ২০০৮ সালে চালু হওয়ার পর যাত্রীদের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর এর চলাচল স্থগিত হয়ে যায়। পরে ২০১৭ সালে কলকাতা-খুলনা রুটেও দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস চালু করা হয়েছিল।

এ ছাড়া, ২০২৪ সালের শিক্ষক-জনতা অভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা দেওয়া বন্ধ করেছিল ভারত। পরে গত মাসে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD