কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলায় গুরুতর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববারের এই হামলার পর দুটি স্থাপনাতেই আগুন ধরে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এটি ছিল টানা তৃতীয় রাতের হামলা। এর আগে শনিবার একটি তেল ডিপোতে এবং শুক্রবার বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ স্থাপনাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন হামলায় একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বিদ্যুৎকেন্দ্রের একাধিক জেনারেটর ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার অভিযোগও তুলে মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এদিকে একই দিনে বাহরাইনের রাজধানী মানামার আশপাশের এলাকাগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাও সামনে এসেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। দেশটির কর্মকর্তাদের দাবি, ইরান বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে।
অন্যদিকে সোমবার সকালে এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে রোববার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি, জিও নিউজ








