দিল্লির বিক্ষোভে আহত তরুণীকে আইসিইউতে স্থানান্তর

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে পুলিশের অভিযানে আহত এক তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভে অন্তত ৯০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ওই তরুণীও রয়েছেন। যন্তর মন্তরে পুলিশের দমন অভিযানের সময় একটি ব্যারিকেডে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
‘সংসদ চলো’ কর্মসূচির অংশ হিসেবে সিজেপির পদযাত্রায় পুলিশ ব্যারিকেড দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর হাজারো শিক্ষার্থী ও সমর্থক যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে ১১৮ জনের বেশি পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এছাড়া ২০টিরও বেশি পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহতদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
এদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
রিজিজুর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী এনডিএ জোটের শরিকদের আইন প্রণয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিরোধী দলগুলোকেও সংসদে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের স্বার্থে সব সংসদ সদস্যের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








