Logo

এবার মোদীর বাসভবনের সামনে রাহুলের বিক্ষোভ, পদত্যাগের দাবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ১৮:১৩
এবার মোদীর বাসভবনের সামনে রাহুলের বিক্ষোভ, পদত্যাগের দাবি
ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে মিছিলে পুলিশের অভিযানের প্রতিবাদে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী ও ওয়ানাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তারা নয়াদিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার মন্ত্রী জিতেন্দ্র সিংকে ঘটনাস্থলে পাঠায়। তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। একই সময়ে পুলিশ কংগ্রেস নেতাদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায় এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো পুলিশের অভিযানের জবাবদিহি চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তার অভিযোগ, দেশের তরুণদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কংগ্রেস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী বিক্ষোভে অংশ নেওয়া নেতাদের মধ্যে প্লাস্টিকের জিপ-টাই বিতরণ করছেন। পরে তারা নিজেদের হাত একসঙ্গে বেঁধে নেন, যাতে পুলিশ সহজে তাদের সরিয়ে নিতে না পারে। অন্যদিকে, আরও বিক্ষোভকারী যাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে না পারেন, সে জন্য বিভিন্ন সড়কে অতিরিক্ত ব্যারিকেড স্থাপন করে পুলিশ।

কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেইন বলেন, তাদের দাবি পরিষ্কার—প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং পুরো ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে পুলিশের অভিযানে আহত আন্দোলনকারীদের খোঁজ নেন।

উল্লেখ্য, সোমবার সিজেপির সমর্থকেরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে মিছিল করেন। মিছিল ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বহু মানুষ আহত হন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD