প্রশ্নফাঁস ঠেকানো জাতীয় দায়িত্ব: নরেন্দ্র মোদি

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রশ্নফাঁস প্রতিরোধ করা শুধু সরকারের নয়, পুরো জাতির দায়িত্ব। মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
রিজিজু বলেন, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি জানান, বৈঠকে মোদি এনডিএ জোটের শরিকদের আইন প্রণয়নের কাজে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলোর প্রতিও সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের স্বার্থে সব সংসদ সদস্যের একসঙ্গে কাজ করা উচিত।
এ মন্তব্য এমন সময় এলো, যখন সংসদ অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় শত শত বিক্ষোভকারীকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার ঘটনার একদিন পেরিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যকে কেন্দ্র করে গত মে মাসে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম গঠিত হয়। এই প্ল্যাটফর্মের নেতৃত্বে শিক্ষার্থীরা নিট প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কিরেন রিজিজু আরও বলেন, প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, নিট প্রশ্নফাঁসের তথ্য প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।
সূত্র: এনডিটিভি








