Logo

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ১৪:২৭
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে ভারতের বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তবে পাঞ্জাব থেকে আসা কৃষকদের হরিয়ানায় প্রবেশের সময় শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ব্যারিকেড স্থাপনের ঘটনা ২০২৪ সালের ‘দিল্লি চলো-২’ আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে। সে সময়ও রাজধানীতে কৃষকদের প্রবেশ ঠেকাতে কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও একাধিক স্তরের ব্যারিকেড দিয়ে সীমান্ত এলাকা ঘিরে ফেলা হয়েছিল।

যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় কৃষকেরা শম্ভু সীমান্তেই সমাবেশ করেন। সেখানে তারা অভিযোগ করেন, দিল্লিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। এ জন্য হরিয়ানা ও পাঞ্জাব—উভয় রাজ্য সরকারকেই দায়ী করেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিকেইউ শহীদ ভগৎ সিংয়ের নেতা তেজভীর সিংয়ের অভিযোগ, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরেই ব্যারিকেড বসিয়েছে। তার দাবি, পাঞ্জাব সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করেছে।

যদিও পাঞ্জাব থেকে আসা কৃষকদের বহর আটকে দেওয়া হয়েছে, তবু আম্বালা, কুরুক্ষেত্রসহ হরিয়ানার বিভিন্ন জেলা থেকে কৃষকেরা দিল্লির পথে যাত্রা অব্যাহত রেখেছেন।

‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নিয়েছে। তাদের প্রধান দাবি, প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

কিষাণ মজদুর সংগ্রাম কমিটির (কেএমএসসি) নেতা সারওয়ান সিং পান্ধের জানান, শম্ভু সীমান্তে আটকে যাওয়ার আগে কেএমএসসি, কিষাণ মজদুর মোর্চা (পাঞ্জাব), আজাদ কিষাণ মোর্চা ও বিকেইউ একতা সংগ্রামের বহরগুলো দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল।

তার ভাষ্য, এই চুক্তি কেবল একটি বাণিজ্য চুক্তি নয়; বরং কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, মেধাস্বত্ব এবং সেবা খাতসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাব ফেলতে পারে।

কৃষক নেতাদের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সয়াবিন, ভুট্টা, তুলা, ইথানল, আপেল, বাদাম, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও মৎস্যপণ্যের মতো খাতে ভারতের বাজারে আরও সহজ প্রবেশাধিকারের চেষ্টা করছে। শুল্ক কমানো ও বিধিনিষেধ শিথিল করা হলে ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা টিকতে পারবেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তারা আরও অভিযোগ করেন, প্রস্তাবিত চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি, যা নিয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

কৃষক সংগঠনগুলোর মতে, ভারতের দুগ্ধ খাত প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবারের জীবিকার সঙ্গে জড়িত। এই খাতে নেতিবাচক প্রভাব পড়লে পুরো গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী, খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, কৃষিভিত্তিক শিল্প এবং ছোট উদ্যোক্তারাও ক্ষতির মুখে পড়বেন।

বিজ্ঞাপন

এ কারণে ‘দেশ বাঁচাও মোর্চা’ প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কিত সব নথি দ্রুত জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD