Logo

শাড়ি কিনে না দেওয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১২:৩৬
শাড়ি কিনে না দেওয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে স্বামীকে প্রথমে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মারধর এবং পরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর পূর্ব এলাকায়। ঘটনার পর অভিযুক্ত ৩০ বছর বয়সী সুনীতাদেবী হরে রাম সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম হরে রাম কিষাণজী সিংহ (৩৫)। অভিযুক্ত সুনীতাদেবী ভারতের বিহারের রোহতাস জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে এনডিটিভি জানায়, গত ১৯ জুলাই বদলাপুর পূর্বের নিজ বাসায় শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিজের অপরাধ ঢাকতে ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন অভিযুক্ত নারী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে পুলিশ একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মামলার গতিপথ বদলে যাবে।

বদলাপুর পূর্ব থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক নিতিন পাতিল জানান, মেডিকেল প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয় যে মৃত্যুর কারণটি স্বাভাবিক ছিল না। জোরপূর্বক শ্বাসরোধ করার ফলেই (ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া) ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে স্ত্রীর ওপর পুলিশের সন্দেহ গাঢ় হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার স্থানীয় একটি আদালত সুনীতাদেবীকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD