Logo

পুলিশ ভ্যান রুখে দাঁড়ালেন তরুণী, হয়ে উঠলেন আন্দোলনের প্রতীক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৭:৪১
পুলিশ ভ্যান রুখে দাঁড়ালেন তরুণী, হয়ে উঠলেন আন্দোলনের প্রতীক
ছবি: সংগৃহীত

পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে এক সাহসী তরুণীর পদক্ষেপ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার সময় একাই পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ রোধ করেন তিনি। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্যের ভিডিও, আর রিয়া অহির নামের ওই তরুণী হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম প্রতীক।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়া অহির নামের ওই তরুণীকে মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্কের কাছে একটি চলন্ত পুলিশ ভ্যান থামিয়ে দিতে দেখা যায়। এ সময় পুলিশের সদস্যরা তাকে পুলিশ ভ্যানের সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করে দাঁড়িয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তাকে বারবার সরে যেতে বললেও তিনি অবস্থান থেকে নড়েননি। বরং দৃঢ়ভাবে ভ্যানটির সামনে দাঁড়িয়ে সেটির অগ্রযাত্রা থামানোর চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেও হুডি ও ক্যাপ পরা রিয়া দুই হাত প্রসারিত করে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আছেন। তার এই দৃশ্য মুহূর্তেই হাজারো মানুষের নজর কাড়ে এবং ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

তার এমন সাহসিকতা দেখে আশপাশের মানুষ করতালি দিয়ে স্লোগানে স্লোগানে তাকে সমর্থন জানান। পরে রিয়ার এই এই বাধার মুখে শেষ পর্যন্ত আটক আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিয়া বলেন, ‌‌‘‘পুলিশ দায়িত্বশীল আচরণ করছে না। তারা যদি দায়িত্ব না নেয়, তাহলে নাগরিকদের সুরক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, নিজে শিক্ষার্থী না হলেও আন্দোলনরত তরুণদের ন্যায্য দাবির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির প্রতিবাদে দিল্লিতে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার সময় ককরোচ জনতা পার্টির (সিজিপি) সমর্থকদের ওপর পুলিশের টিয়ারগ্যাস ও লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়ে রিয়া বলেন, গত পরশু শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ার এই পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই তাকে ‘‘বাস্তবের নায়ক’’ বলে অভিহিত করছেন।

মুম্বাইয়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা রোহান জোশী ইনস্টাগ্রামে লেখেন, মুম্বাইয়ের তরুণরা বুকে ক্ষোভ কিন্তু আচরণে অভূতপূর্ব সংযম নিয়ে রাজপথে নেমেছেন। পুলিশ তাদের সঙ্গে টানা-হেঁচড়া করেছে, আটক করেছে। তবুও তারা নিজেদের অধিকার আদায়ে অত্যন্ত মার্জিত ও দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়ে গেছে।

বিজ্ঞাপন

• কে এই রিয়া অহির?

ইনস্টাগ্রাম প্রোফাইলের তথ্য অনুযায়ী, রিয়া অহির একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। বিভিন্ন জনপ্রিয় সংগীতচিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তার ‘দিলবারা’ শিরোনামের একটি সংগীতচিত্র প্রকাশ পেয়েছে।

অভিনয়ের পাশাপাশি হস্তশিল্প ও পোশাকের ব্যবসার সঙ্গেও যুক্ত রিয়া। ‘রিয়াসত’ নামে তার নিজস্ব একটি ফ্যাশন ব্র্যান্ড রয়েছে।

বিজ্ঞাপন

•মুম্বাইয়েও তীব্র হচ্ছে আন্দোলন

দিল্লিতে ককরোচ জনতা পার্টির ব্যানারে শুরু হওয়া ছাত্র আন্দোলনের রেষ এখন ছড়িয়ে পড়েছে মুম্বাইয়েও।

পরীক্ষায় অনিয়ম এবং দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের প্রতিবাদে বুধবার টানা তৃতীয় দিনের মতো সরব ছিল মুম্বাইয়ের রাজপথ। বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকারকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শিবাজী পার্ক, চৈত্যভূমি, চেম্বুর ও শিবসেনা ভবনের সামনে একযোগে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য এবং বেআইনি সমাবেশের অভিযোগে মুম্বাইয়ে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD