বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে জাতীয় নির্বাচন শেষে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান।
ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ভারতে দুজন প্রেস কর্মকর্তা পাঠিয়েছে। অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিদ্বেষী অবস্থান দেখা গিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে গৌতম লাহিড়ী নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়েছেন? তার সফরের উদ্দেশ্য কী হবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে কিনা?’
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন








