মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৫ শতাংশ

মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার ঘটনায় জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে ঝুঁকি বেড়েছে। এই কৌশলগত জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাই এই রুটে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক অপরিশোধিত তেল সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের ভাষ্য, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ প্রত্যাশার তুলনায় বেশি কমে যাওয়া এবং ওপেক প্লাস জোটের পরিকল্পিত উৎপাদন বৃদ্ধি বিলম্বিত হতে পারে—এমন আশঙ্কাও দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে এশিয়ার তেল আমদানিনির্ভর দেশগুলোর ওপর। দীর্ঘ সময় উচ্চমূল্য বজায় থাকলে জ্বালানির অভ্যন্তরীণ মূল্য, পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি এবং সামগ্রিক আমদানি খরচ বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








