পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার পর সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। এ প্রেক্ষাপটে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের কাছ থেকে প্রায় ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) কিনছে তেহরান।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬ থেকে ৭ কোটি ডলারের এই চুক্তির আওতায় ইরান কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ মডেলের ক্ষেপণাস্ত্র পেতে পারে। হংকংভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্বল্পপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রয়টার্স আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো চীনের উরুমকি থেকে বিমানযোগে প্রথমে পাকিস্তানে নেওয়া হবে। এরপর পাকিস্তান হয়ে সেগুলো ইরানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে এই ট্রানজিট আকাশপথে হবে নাকি স্থলপথে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ দাবি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলেও পাকিস্তান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।
দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান হয়ে চীনা আকাশ প্রতিরক্ষা অস্ত্র ইরানে পাঠানো হচ্ছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। তারা বলেছে, এ বিষয়ে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
বিজ্ঞাপন
অন্যদিকে, চীনও এ ধরনের প্রতিবেদন নাকচ করে দিয়েছে। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব দাবি সত্য নয় এবং চীন সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই কাজ করে।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি








