Logo

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট, ২০২৬, ১৬:৩১
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই নারী ও শিশুর। শনিবার (৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে ধীরগতিতে চলা হাতেকলমে তল্লাশি অভিযানের সর্বশেষ ধাপ শেষ হয়েছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির দীর্ঘস্থায়ী সংকটের কারণে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার অভিযান তদারককারী মোহাম্মদ আবু দান জানান, চার দিন ধরে টানা তল্লাশি চালানোর পর গাজা শহরের পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে উদ্ধারকাজ শেষ করা হয়েছে।

তিনি বলেন, বিশেষায়িত চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা এরপর গাজা শহরের অন্য একটি এলাকায় যাবেন। সেখানে নতুন করে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হবে।

বিজ্ঞাপন

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনের ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে কর্মীদের সাধারণ সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করে অভিযান চালাতে হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনো ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৪ হাজার ১২১ জন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে ৮০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD