পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে নতুন পরমাণু চুক্তি ছাড়াই সমঝোতার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধ ও বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে হবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে এমন একটি সমাধানের পথ খুঁজছেন ট্রাম্প। ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি না হলেও সংঘাত থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই যুদ্ধ বন্ধের অন্যতম প্রধান শর্ত হতে পারে।
তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানও শর্ত দিয়েছে। তেহরানের দাবির মধ্যে রয়েছে কয়েকশ কোটি ডলারের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ছাড় করার বিষয়গুলো।
ইরানের এসব শর্ত থেকে ধারণা করা হচ্ছে, দেশটি দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে আগ্রহী নয়। বরং দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে তেহরান।
বিজ্ঞাপন
ইরান ও ওমানের মধ্যবর্তী সরু জলপথ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথে বিপুল পরিমাণ জ্বালানি বাণিজ্য পরিচালিত হওয়ায় জাহাজ চলাচল ব্যাহত হলে তার প্রভাব দ্রুত আন্তর্জাতিক বাজারে পড়ে।
যুদ্ধ শুরুর পর গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ও তাদের মিত্রদের জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয় দেশটি। এমনকি বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগও ওঠে।
তবে ইরানের এসব বিধিনিষেধ মেনে নেয়নি ওয়াশিংটন। প্রণালি ব্যবহারের ক্ষেত্রে তেহরানের টোল আরোপের উদ্যোগও প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
এদিকে ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। যদিও সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে পড়েছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় দেশটিতে পেট্রলের দাম এখনো উল্লেখযোগ্যভাবে বেশি।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনও সামনে এগিয়ে আসছে। ফলে সামরিক অভিযান থেকে কী অর্জন হয়েছে, তা ভোটারদের সামনে তুলে ধরার জন্য ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালির বাণিজ্যিক চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে পারলে সেটিকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি সুযোগ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন।
এই বাস্তবতায় ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির দাবি থেকে সরে এসে যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট—এমনটাই উঠে এসেছে প্রতিবেদনে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








