আন্দোলনে আবারও উত্তাল ভারতের রাজপথ, সরব রাহুল গান্ধী

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ডে বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। পুলিশের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা অন্যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আছে এবং কেবল আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে।
তিনি বলেন, ঝাড়খণ্ড সরকারকে অবশ্যই এসব শিক্ষার্থীর কথা শুনতে হবে এবং অবিলম্বে তাদের সমস্যা সমাধান করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা ব্যারিকেড ভেঙে ঝাড়খণ্ড বিধানসভা চত্বরের দিকে এগিয়ে গেলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশের এমন আচরণে গত মাসে দিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করা ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনা আবারও সামনে এসেছে।
আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) ব্যাপক সংস্কারের দাবি করছেন।
বিজ্ঞাপন
এই ইস্যুতে নয় দিন ধরে অনশনরত ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম) নেতা দেবেন্দ্রনাথ মাহতো একটি অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন। তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের একটি ছবি বহন করতে দেখা গেছে।
বিধানসভা অভিমুখে মিছিলের পথে কাঁটাতারের ব্যারিকেড বসানোর প্রতিবাদ জানিয়ে মাহতো বলেন, শিক্ষার্থীদের প্রতি হওয়া অবিচারের কারণে তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। সরকার আমাদের কণ্ঠস্বর দমন করতে বদ্ধপরিকর। আমরা এখন কোনো আলোচনা করব না।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সরকার কয়েক দফা আলোচনা করলেও চলমান অচলাবস্থার কোনো সমাধান হয়নি। আন্দোলনকারীরা মোট ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তবে সরকার এর মধ্যে মাত্র তিনটি পরীক্ষা বাতিল করতে সম্মতি দিয়েছে। এ নিয়েই উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও জোরালো হয়েছে এবং শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র : এনডিটিভি








