ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি

ভারতের ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস ও চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। টানা ১৭ দিন ধরে চলা এই বিক্ষোভ সোমবার (১০ আগস্ট) সহিংসতায় রূপ নেয়। রাজধানী রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বিধানসভা অভিমুখে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তিতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এদিকে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগের সিবিআই তদন্তের দাবিতে ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিরোধী দল বিজেপির নেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঘটনাস্থল থেকে সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও আদিত্য সাহুকে আটক করেছে পুলিশ। প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে সরকার ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে ঝাড়খণ্ড সরকার ইতোমধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। গত রোববার ১৪তম জেপিএসসি কম্বাইন্ড সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষাসহ মোট তিনটি পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) তিন সদস্য পদত্যাগ করেছেন। মন্ত্রীদের নিয়ে গঠিত সরকারি প্যানেলের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন পক্ষের একাধিক বৈঠক হলেও আন্দোলন প্রত্যাহারে রাজি হননি শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








