Logo

রাজার পাথর চুরির মামলায় সাবেক মন্ত্রী গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬, ১৯:৩৪
রাজার পাথর চুরির মামলায় সাবেক মন্ত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় কয়েক শত বছরের পুরোনো ঐতিহাসিক ও পবিত্র একটি পাথর চুরির ঘটনায় সাবেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে গ্রেপ্তার করা হয়েছে। চুরিতে সহযোগিতা ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

বিজ্ঞাপন

চুরি হওয়া পাথরটি ‘মুনস্টোন’ নামে পরিচিত একটি খোদাই করা গোলাকার গ্রানাইট পাথর। ঐতিহাসিকভাবে এটি রাজপ্রাসাদের প্রবেশপথের সিঁড়ির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো।

অভিযোগ রয়েছে, শ্রীলঙ্কার শেষ সিংহলি রাজা বীরা পরাক্রম নরেন্দ্রসিংহের প্রাসাদ থেকে পাথরটি চুরি করা হয়। ওই রাজা ১৭৩৯ সাল পর্যন্ত দেশটি শাসন করেন।

মন্ত্রী থাকাকালীন চুরির অভিযোগ

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্তকারী কমিশন জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ঐতিহাসিক পাথরটি সরিয়ে নেওয়ার ঘটনায় রামবুকওয়েলা ষড়যন্ত্র ও সহযোগিতা করেছিলেন। ওই সময় তিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্নীতিবিরোধী সংস্থার অভিযোগ, পাথরটি চুরির পর পুলিশ তদন্ত শুরু করলে সেই তদন্তে হস্তক্ষেপেরও চেষ্টা করেছিলেন তিনি। এ ছাড়া সরকারি অর্থ ব্যয় করে নিজের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ছয়জনকে নিয়োগ দেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগের বিচার চলছে। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে সরকারি হাসপাতালের জন্য নকল ওষুধ কেনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ আদালতকে জানিয়েছে, রামবুকওয়েলা এমন একটি ক্যানসারের ওষুধ কেনার অনুমোদন দিয়েছিলেন, যা পরবর্তী পরীক্ষায় ওষুধ নয়, পানি হিসেবে শনাক্ত হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে।

অর্থনৈতিক সংকটের সময় স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। ওই বছরের এপ্রিল মাসে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেশটি কার্যত দেউলিয়া ঘোষণা করে। এরপর সেখানে ওষুধের তীব্র সংকট দেখা দেয়।

সেই সংকটের সময়ই রামবুকওয়েলা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ঐতিহাসিক পাথর চুরি, সরকারি অর্থের অপব্যবহার এবং নকল ওষুধ কেনার অভিযোগ—সব মিলিয়ে বর্তমানে একাধিক আইনি জটিলতার মুখে পড়েছেন তিনি।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD