Logo

দুর্নীতির মামলায় শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১৭:০১
দুর্নীতির মামলায় শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। শুক্রবার (৩ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে যোশিথা রাজাপাকসাকে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ এবং সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

বিজ্ঞাপন

২০১৯ সালে ওয়াসান্থা কারান্নাগোদা ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ পদে উন্নীত হলেও বর্তমানে তিনি নৌবাহিনীর কোনো দায়িত্বে নেই।

একই মামলায় গত মাসে যোশিথা রাজাপাকসাকেও গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে যুক্তরাজ্যের ডার্টমাউথ নেভাল কলেজে সরকারি অর্থে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, যোশিথা রাজাপাকসার নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় ওয়াসান্থা কারান্নাগোদা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

এ ছাড়া তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের মার্চে যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ তরুণকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করা হলেও প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ক্ষমতায় আসার পর সেটি পুনরায় চালু করা হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী অবস্থান এবং আলোচিত মামলাগুলোর বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট দিসানায়েকে। এরপর থেকেই রাজাপাকসা পরিবার এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্তে নতুন গতি এসেছে।

এদিকে, যোশিথা রাজাপাকসার বিরুদ্ধে একটি বাড়ি কেনার অর্থের উৎস ব্যাখ্যা করতে না পারার অভিযোগও তদন্তাধীন রয়েছে। তদন্তকারীদের তিনি দাবি করেছিলেন, খালার দেওয়া মূল্যবান রত্ন বিক্রি করে ওই অর্থ সংগ্রহ করেছিলেন। তবে সেই রত্নের উৎস সম্পর্কে তার খালাও কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

বিজ্ঞাপন

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার বিরুদ্ধে ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গত মাসে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই হামলায় ২৭৯ জন নিহত হয়েছিলেন।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD