শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৩

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক বন্দি ও কারারক্ষী। রক্তক্ষয়ী এই সংঘর্ষের পর কারাগারজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে নেগোম্বো কারাগারে রোববার সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবারও কারাগারের ভেতরে উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। একই সঙ্গে আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস কারাগার থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বাসের ভেতরে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
বিজ্ঞাপন
নেগোম্বো হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বন্দি ও চারজন কারারক্ষী রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানিয়েছেন, এ পর্যন্ত ২৩টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। পাশাপাশি ১০০ জনের বেশি আহত বন্দি ও কারারক্ষী চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কারাগারের ভেতরে থাকা দুটি প্রতিদ্বন্দ্বী বন্দি গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আল-জাজিরা








