মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী মুম্বাই, পুনে, ঠানে ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা, ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, পুনের একটি পাহাড়ি এলাকায় ভূমিধসে কয়েকটি বাড়ি মাটিচাপা পড়ে। এতে অন্তত ৩০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা সোমবার সকাল পর্যন্ত একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিধসের কারণে সোমবার সকাল থেকে মুম্বাই-পুনে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই শহরের মধ্যে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন বিকল্প পথে পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় রোববার রাতে একটি বাড়ি ধসে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। সব মিলিয়ে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আপাতত বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই। মুম্বাই, পুনে, রায়গড়, ঠানে ও পালঘরে ভারী বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় মুম্বাই ও পুনেতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সোমবার মুম্বাইয়ের স্কুল, কলেজ ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
বিজ্ঞাপন
পুনে জেলার মাভাল উপজেলার লোহাগড় দুর্গসংলগ্ন এলাকায় গভীর রাতে পাহাড়ের একটি অংশ ধসে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে অন্তত ৩০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
ধসে চাপা পড়া একটি বাড়ি থেকে নন্দু তিকোনে (৬০), মৌলি তিকোনে (৩০) ও অনিতা তিকোনে (৫৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের একটি টানেলের কাছেও ভূমিধস হওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পুরোনো মুম্বাই-পুনে সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। মাভাল ও তামহিনি ঘাট এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গাছ উপড়ে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন জানিয়েছে, জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সোমবার ভোর থেকে মুম্বাই-পুনে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া কারজাট-লোনাভলা রেলপথের বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে রেল যোগাযোগও বিঘ্নিত হয়েছে। এর ফলে ইন্টারসিটি এক্সপ্রেস, ডেকান এক্সপ্রেস, ডেকান কুইন ও প্রগতি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন বিকল্প রুটে পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।








