ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করছে ফ্রান্স

ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তেহরানে দুই ফরাসি কূটনীতিককে আটকের পাল্টা পদক্ষেপ হিসেবে প্যারিস এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তেহরানে ফরাসি দুই কূটনীতিকের সঙ্গে ইরান সরকারের আচরণের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত তা কার্যকর করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত গত জুলাইয়ের মাঝামাঝি। ইরানের দুই শিল্পী আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে ফ্রান্সের দুই কূটনীতিকের বৈঠক হয়। এর কয়েক দিন পর, ১৯ জুলাই ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ওই দুই কূটনীতিক ও দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
বিজ্ঞাপন
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে ওই ব্যক্তিরা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করেছেন।
পরে দুই ফরাসি কূটনীতিককে ছেড়ে দিয়ে ফ্রান্সে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতে ইরানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আটক হওয়া দুই শিল্পীর বর্তমান অবস্থান বা তাদের বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপের তথ্য এখনো জানা যায়নি।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানে সাধারণ নাগরিকদের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








