Logo

নয়াদিল্লিতে ফের আন্দোলনের ঘোষণা ‘তেলাপোকা পার্টির’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, ১৪:৫৯
নয়াদিল্লিতে ফের আন্দোলনের ঘোষণা ‘তেলাপোকা পার্টির’
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এর আগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিল সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হওয়ার পর কর্মসূচি স্থগিত করা হয়। তবে চার সপ্তাহ পর সংগঠনটির অভিযোগ, সরকার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি। এ কারণে নতুন করে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, তাদের নির্ধারিত পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে। প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা এবারের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিল সিজেপি। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তাও চেয়েছিল তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকার এসব দাবিতে সম্মতি দেওয়ার পর ওই সময় আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে সিজেপির দাবি, প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সরকার সময়ক্ষেপণ করছে এবং বিভিন্ন কৌশলগত কারণ দেখিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া থেকে বিরত থাকছে।

সংগঠনটির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া এফআইআরের তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট। মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় সহায়তার জন্য ওই তালিকা প্রয়োজন হলেও সরকার তা এখনো সরবরাহ করেনি। এমনকি তালিকা দেওয়ার বিষয়ে সরকার স্পষ্ট প্রতিশ্রুতিও দিচ্ছে না বলে দাবি করেছে সিজেপি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতিগুলো ভারত সরকার এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কীভাবে বাস্তবায়ন করছে, তা পর্যালোচনা করতে জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই দেশব্যাপী তরুণদের আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে আদৌ আন্তরিক কি না, তা নিয়ে কমিটির সদস্যদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

সিজেপি শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের বড় সংখ্যায় ইন্ডিয়া গেটে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।

চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করা এই ব্যঙ্গাত্মক সংগঠনটি পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় হয়ে ওঠে। এর আগের আন্দোলনে সংগঠনটির স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের কর্মসূচির পর গত মাসে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD