কলকাতার শিয়ালদহ স্টেশনে আগুন, আতঙ্কে যাত্রীরা

ভারতের কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে স্টেশনের ফুড প্লাজায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আগুনের কারণে পুরো স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্টেশনের বাইরে থাকা ফুড প্লাজা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে সেখানে কর্মরত কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ফুড প্লাজার আশপাশে বেশ কয়েকটি খাবারের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘটনাস্থলে থাকা যাত্রীরা বিষয়টি শিয়ালদহ স্টেশনের জিআরপিকে জানান। পরে জিআরপি স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ১৯ আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘুমন্ত অবস্থায় নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি পর্যটক ছিলেন।








